জামায়াতের শীর্ষনেতারা যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর গ্রেপ্তার করা শীর্ষনেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক প্রমাণ ট্রাইব্যুনালের কাছে রয়েছে। তাঁদের যেকোনো সময় যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। যাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, তাঁদের এ বছরের মধ্যেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। গতকাল শনিবার টাঙ্গাইলে ‘আইনগত সহায়তা প্রদানে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. গোলাম মর্তুজা মজুমদার। টাঙ্গাইলের জাতীয় আইনগত সহায়তা সংস্থা সেমিনারের আয়োজন করে। সহযোগিতা করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল শাখা।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মুখ্য বিচারিক হাকিম খোন্দকার হাসান মো. ফিরোজ। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, টাঙ্গাইল বারের সভাপতি মনিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান প্রমুখ।