জামায়াতের সঙ্গ ছাড়লে সংলাপের দ্বার খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, ‘সংলাপে বসতে চাইলে জামায়াতের সঙ্গ ছাড়ুন। জামায়াতকে ছাড়লে সংলাপের দ্বার খোলা।’ গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলীয় সাংসদ ও নেতাদের ওপর ছাত্রলীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা উচ্চ আদালতের রায়ে সংবিধান থেকে বাতিল হয়ে গেছে। আশা করি, এই দাবির পক্ষ নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করবেন না।’ ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা। ১৮ মার্চ আওয়ামী লীগের জনসভা সফল করতে এ সভার আয়োজন করা হয়।সাংসদ-নেতাদের প্রতি অভিযোগ: ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় নিজ নিজ এলাকার সংসদ সদস্য এবং দলীয় নেতাদের প্রতি অসহযোগিতার অভিযোগ তোলেন। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতারা আমাদের কোনো রকম সহযোগিতা করেন না। সংগঠনের জন্য অর্থনৈতিক সহযোগিতা পেলে আমরা সর্বোচ্চটুকু করব।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্থানীয় সাংসদের নামে অভিযোগ করে বলেন, ‘লোকাল এমপি আমাদের কোনো সাহায্য-সহযোগিতা করেন না।’ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান বলেন, অনেক সাংসদ ছাত্রলীগকে তাঁদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান। আবার বিএনপি-জামায়াতের তাণ্ডব মোকাবিলায় রাজপথে ছাত্রলীগ এগিয়ে গেলে বলেন, কী দরকার ছিল। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।