তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যত দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও বিএনপি জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে, একাত্তর ও পঁচাত্তরের খুনিদের পক্ষ নেবে, তত দিন পর্যন্ত যেকোনো জঙ্গি ও সন্ত্রাসী ঘটনা ঘটলে প্রশাসন ও আমরা তাদের সন্দেহের তালিকায় রাখব।’
গতকাল শুক্রবার খুলনা নগরীর একটি হোটেলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন নিয়ে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যত দিন তিনি তাঁর অবস্থান পরিষ্কার করতে না পারবেন, তত দিন প্রত্যেকটা গুপ্তহত্যার জন্য তিনি সন্দেহের তালিকায় থাকবেন। তাঁকেই প্রমাণ করতে হবে জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।’
মন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের দোসর ও মিত্র না থাকলে জঙ্গিবাদবিরোধী যুদ্ধ সহজ হতো। বিএনপি ও খালেদা জিয়া জঙ্গিদের দোসর। একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্টের ভয়ংকর খুনিদের সিন্ডিকেটের প্রধান, কেয়ারটেকার এবং পাহারাদারও তারা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া।