জামায়াতের সঙ্গে নীতি-আদর্শের ফারাক বিস্তর: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জামায়াতের আমির বলার প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট আছে। তবে দুটি দলের মধ্যে নীতি-আদর্শের ফারাক বিস্তর। জামায়াতের নিজস্ব কর্মপন্থা আছে।

আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান গতকাল শনিবার যশোরে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামায়াতের আমির বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না দাবি করে আসাদুজ্জামান বলেন, ‘আমি যদি বলি উনি (প্রধানমন্ত্রী) জাতীয় পার্টির আমির, জাতীয় পার্টির সভাপতি।’ তিনি আওয়ামী লীগকে আরও সহনশীল ও উদার হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্যের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘তুই তুকারি করে বক্তব্য দেওয়া সভ্য-সংস্কৃতির অংশে পড়ে না। ৫ জানুয়ারি নির্বাচনের যে ট্রেন চলেছে, তার যাত্রীরা ছিল টিকিটবিহীন, অবৈধ যাত্রী। বিএনপি অবৈধ যাত্রী হতে চায়নি। সে ট্রেনে কোনো টিকিট চেকার ছিল না। তবে যদি কোথাও মোবাইল কোর্ট বসে, তাহলে বিনা টিকিটের যাত্রীদের জেল-জরিমানা হবে। তাই তাদের ভয় নিয়ে চলা উচিত।’

বিএনপি নির্বাচনে না গিয়ে কোনো ভুল করেনি বলেও দাবি করেন আসাদুজ্জামান।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘নির্বাচনে যোগ না দিয়ে বিএনপির নেতা বুঝতে পেরেছেন যে তিনি কত বড় ভুল করেছেন। তিনি আমাদের গোপালি বলে গালি দেন। এখন যদি আমি বলি, গোলাপি রে গোলাপি ট্রেন তো মিস করলি, তাহলে উনি কী বলবেন?’

বিএনপির সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।