বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন। গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠককালে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।
সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের নাশকতার পরিপ্রেক্ষিতে বিএনপির সঙ্গে তাদের (জামায়াত) সম্পর্ক প্রসঙ্গে জানতে চান চীনের রাষ্ট্রদূত।
এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কৌশলগত এবং তা স্থায়ী কোনো সম্পর্ক নয়। তাদের সঙ্গে সম্পর্ক রাখা না রাখা সময়ের ব্যাপার।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়নি। তিনি বিএনপিকে সরকারের সঙ্গে আলোচনায় বসে সংকট সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, বিএনপিও আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান চায়। তবে সরকারের পক্ষ থেকে এ আলোচনার উদ্যোগ নিতে হবে। বিএনপি আলোচনার উদ্যোগ নিতে পারে না।
চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়াকে বলেন, বর্তমান পরিস্থিতির যদি কোনো সমাধান না হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।