জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় গতকাল শুক্রবার বিকেলে জামায়াত-পুলিশ সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ২৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মংলা জামায়াতের আমিরসহ আটজনকে আটক করেছে।মংলা থানা জামায়াতের অফিস সেক্রেটারি শিকদার নুর মুহমঞ্চদ হেলালী দাবি করেন, কারাগার থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াতের বাগেরহাট জেলা আমির মাওলানা ওয়াদুদের সংবর্ধনা ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাইদীসহ আটক নেতা-কর্মীর মুক্তির দাবিতে শহরতলির ইসলামী আদর্শ একাডেমিতে বিকেল চারটায় সমাবেশ করে জামায়াত। সমাবেশ শেষ হওয়ার পর বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে দলের ২৫ জন নেতা-কর্মী আহত হন।এ ব্যাপারে মংলা থানার ওসি মুনীর উল গীয়াস বলেন, জামায়াত বিনা অনুমতিতে সমাবেশ করে শহরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের ইটপাটকেলে মংলা থানার সহকারী উপপরিদর্শক আ. কুদ্দুস ও কনস্টেবল মো. মাসুম আহত হন। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মংলা থানা জামায়াতের আমিরসহ আটজনকে আটক করে।