জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, জামায়াত-শিবির রাষ্ট্রের অস্তিত্ব ধরে টান দিয়েছে। তাদের সঙ্গে সংলাপ আত্মসমর্পণের শামিল।গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাশেদ খান মেনন। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেওয়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনার আয়োজন করা হয়। মেনন বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা জামায়াত-শিবিরের সঙ্গে সংলাপের কথা বলেছেন, এটা কোনোভাবেই সম্ভব নয়।’ ওয়ার্কার্স পার্টির প্রধান বলেন, জামায়াত মার্কিন গাড়ি ভাঙচুর করে ক্ষমা চেয়েছে। কিন্তু দেশের মানুষের জানমালের ক্ষতি করে তারা নির্বিকার। সভাপতির বক্তব্যে বিজয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির মহাসচিব ৯ ডিসেম্বর সবাইকে গাড়ি না বের করার হুকুম দিচ্ছেন। বাংলাদেশের মানুষ তাদের চাকর নয় যে তাদের হুকুম শুনতে হবে।সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।আলোচনা সভার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল শিশুদের উপস্থাপনা, আবৃত্তি, সংগীত, নৃত্য, পথনাটক, মঞ্চনাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।