জামায়াতের সমাবেশ আজ, বাধা দিলে হরতালের হুমকি
রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর সড়কে আজ বুধবার বিকেল তিনটায় মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। সমাবেশে বাধা দিলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন দলের সাংসদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ। সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সকালে রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতের সঙ্গে ছাত্রশিবিরের এক যৌথ সভায় হামিদুর রহমান এ হুমকি দেন। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জনদুর্ভোগ লাঘব ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে বলে গণমাধ্যমে পাঠানো দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এদিকে ‘শিবির কর্মী দেখামাত্র গুলি’ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, একটি বৈধ ও আইনানুগ ছাত্রসংগঠনের কর্মীদের এভাবে দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপির কমিশনার দিতে পারেন না। এ নির্দেশ বেআইনি।