জামায়াতের সাংসদ ও বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে ছয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও নগর জামায়াতের আমির সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ অন্তত আড়াই হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। রোববার গভীর রাতে কোতোয়ালি থানায় চারটি এবং খুলশী থানায় দুটি মামলা হয়েছে। রোববার বিকেলের ঘটনায় দায়ের করা এসব মামলার পাঁচটিতে বাদী হয়েছে পুলিশ। অপর মামলাটির বাদী আমিন সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি। রোববারের ঘটনার পর আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে এ পর্যন্ত ২৮ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালির মামলা চারটিতে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ প্রায় এক হাজার ৮০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে দুটি দ্রুত বিচার আইনে এবং অপর মামলা দুটিতে পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধাদানের অভিযোগ আনা হয়। জানা গেছে, দ্রুত বিচার আইনের মামলা দুটিতে ২৩ জনের নাম উল্লেখ করে ৩০০-৪০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা দুটিতেও ২৩ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।