জামায়াতের সাংসদসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শামসুল ইসলাম, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলাম এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।সূত্র জানায়, দ্রুত বিচার আইনের মামলাটিতে অভিযোগপত্রভুক্ত ৫১ জনের মধ্যে ৪১ জন গ্রেপ্তার আছেন। বাকি ১০ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গত ১৮ নভেম্বর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালান।জামায়াতের ঝটিকা মিছিলচট্টগ্রাম নগরে গতকাল বুধবার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পুলিশ সূত্র জানায়, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে গতকাল বেলা পৌনে ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা কর্নেলহাট এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি অলংকার মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, জামায়াত আকস্মিকভাবে মিছিল বের করে। পুলিশের ধাওয়া খেয়ে নেতা-কর্মীরা পালিয়ে যান।