জামায়াতের সাংসদসহ ২৬ জনের জামিন
চট্টগ্রাম নগরে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় নগর জামায়াতের আমির ও সাংসদ শামসুল ইসলামসহ ২৬ জনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, ওই দুটি মামলায় জামিন পেলেও দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার থাকায় সাংসদ শামসুল ইসলাম আপাতত মুক্তি পাচ্ছেন না।সূত্র জানায়, কোতোয়ালি থানায় দায়ের হওয়া ওই দুটি মামলার ২৬ জন আসামি জামিনের আবেদন করেন। গতকাল পর্যন্ত তাঁরা হাইকোর্টের জামিনে ছিলেন।সূত্র আরও জানায়, জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে রাউজান পৌরসভার মেয়র আবদুল্লাহ আল হাসানও রয়েছেন। আসামি পক্ষের আইনজীবী কামরুল ইসলাম বলেন, আগামী ধার্য তারিখ পর্যন্ত আসামিরা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। ওই দুটি মামলার ধার্য তারিখ যথাক্রমে আগামী ২৬ জুন ও ৪ জুলাই। প্রসঙ্গত, গত ১৩ মে ১৮ দলের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।