চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় তিনটি মামলা করেছে পুলিশ। এতে জামায়াতের চট্টগ্রাম শাখার আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম এবং সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ বাদী হয়ে গত রোববার রাতে এসব মামলা করেন।এদিকে রোববারের তাণ্ডবের ঘটনায় পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫৫ জনকে আটক করেছে। এর আগে তাণ্ডবের সময় আটক ৪১ জনের মধ্যে ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা সৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর এবং বেপরোয়া যানবাহন ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য তিনটি পৃথক মামলা হয়েছে। মামলাগুলোর মধ্যে একটি দ্রুত বিচার আইনে, একটি বিস্ফোরক আইনে এবং অন্যটি সাধারণ আইনে দায়ের করা হয়েছে।রোববার সকালে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর, প্রবর্ত্তক মোড়সহ বিস্তীর্ণ এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ব্যাপক তাণ্ডব চালান। এতে পুলিশের সদস্যসহ অনেকে আহত হন। তাণ্ডবে গাড়ি ভাঙচুর হয় অন্তত নয়টি। জামায়াত-শিবিরের আকস্মিক এই তাণ্ডবে পুলিশ প্রথম দিকে দিশেহারা ছিল। পরে বিভিন্ন থানা ও লাইন থেকে পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। প্রদীপ কুমার দাশ বলেন, ‘রোববারের তাণ্ডবের ঘটনায় ওই রাতে আটক ৫৫ জনের মধ্যে কাউকে তিনটি মামলায়ই গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা আমার জানা নেই। তবে রোববার দিনের বেলায় আটক ৪১ জনের মধ্যে ৪০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছি।’রাতের অভিযান: পুলিশ রোববার রাতে ছাত্রশিবির-নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজের সবুর হল থেকে ১৩ জন এবং মুহসীন কলেজের ছাত্রাবাস থেকে ২১ জনকে আটক করেছে। এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশ নগরের বাকলিয়া থানা এলাকার কয়েকটি মেসে অভিযান চালিয়ে শিবিরের আরও ২১ জন কর্মীকে আটক করেছে।