সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের পক্ষে রায় পাওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সংগঠন। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াত সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় ভূমিকা রাখার জন্য সরকারকে ‘সাধুবাদ’ জানিয়েছে। একই সঙ্গে এ মামলায় যাঁরা আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন, তাঁদেরও অভিনন্দন জানায় দলটি।গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই অভিনন্দন জানান। তিনি বলেন, এ রায় বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন।জামায়াতের বিবৃতিতে বলা হয়, ‘সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় সরকারের ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, সরকার আন্তরিক হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’ দলটি সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও একই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। জাতীয় পার্টির অভিনন্দন: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।গতকাল সিঙ্গাপুর থেকে পাঠানো এক বার্তায় ক্ষমতাসীন মহাজোটের শরিক এরশাদ এ প্রতিক্রিয়া জানান। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন।সিপিবির সতর্কবাণী: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল এক বিবৃতিতে এ রায়ে গভীর সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি দেশের তেল-গ্যাসসহ অন্যান্য সম্পদ রক্ষার ব্যাপারে সরকারকে সতর্কও করেন তাঁরা।বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের সফল নিষ্পত্তির মতো ভারতের ক্ষেত্রেও বাংলাদেশ সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলে আশা করি।’সিপিবি সরকারকে সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে অর্জিত সমুদ্রসীমায় মৎস্য, তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ যা আছে, তাতে বহুজাতিক কোম্পানিগুলোকে ভাগ বসাতে দেওয়া যাবে না। কনোকোফিলিপসসহ বহুজাতিক কোম্পানির সঙ্গে করা সব অসম চুক্তি বাতিল করতে হবে।এ ছাড়া পৃথক বিবৃতিতে বাংলাদেশ গণআজাদী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সরকারকে অভিনন্দন জানিয়েছে।