জামায়াতের সাবেক দুই সাংসদসহ ১৩ জন রিমান্ডে
রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার করা জামায়াতে ইসলামীর সাবেক দুই সাংসদসহ ১৩ জন নেতা-কর্মীকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুত্ফর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ওই ১৩ জনের জামিনের আবেদন নাকচ করেন।
এই ১৩ জন হলেন জামায়াতের সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ার ও মজিবুর রহমান, কাফরুল থানা শাখা জামায়াতের সাবেক সভাপতি মো. তাসলিম লস্কর এবং আবুল কালাম আজাদ, মনসুর রহমান, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, এ বি এম নূরুল আলম, আবুল হোসেন, সাব্বির বিন হারুন, মজিবুর রহমান ভূঁইয়া, হারুন-অর-রশিদ ও আশরাফ উল আলম। মামলায় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে। গোলাম পরওয়ার খুলনা-৫ ও মজিবুর রহমান রাজশাহী-২ আসনের সাংসদ ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল এই ১৩ জনকে আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা ঈদের আগে দেশে অরাজকতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন।