জামায়াতের সেই নেতা কারাগারে
রাজশাহী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ওবায়দুল্লাহকে দ্রুত বিচার আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চে অংশ নেওয়ার আগে ১৯ অক্টোবর গোদাগাড়ীতে এক পথসভায় ওবায়দুল্লাহ জামায়াতের শীর্ষনেতাদের মুক্তি দাবি করেন। তাঁদের মুক্তি দেওয়া না হলে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দেন তিনি। ওই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম গতকাল জানান, ওবায়দুল্লাহকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রাজশাহী নগরের বিনোদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদর দপ্তরে গতকাল সংবাদ সম্মেলনে ওবায়দুল্লাহকে আটকের কথা জানানো হয়। র্যাব জানায়, গত সোমবার দিবাগত রাতে বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া এলাকার মোকসেদ আলীর বাড়ি থেকে ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।মোকসেদ আলী জানান, রোববার সন্ধ্যায় পাঁচজন র্যাব সদস্য দুটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস নিয়ে এসে তাঁর বাসা থেকে ওবায়দুল্লাহকে ধরে নিয়ে যান। ওই দিন জামায়াতের নেতারাও এ রকম দাবি করেন। কিন্তু গত রোববার রাতে র্যাব রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের কাছে এ ধরনের কোনো খবর নেই। ওবায়দুল্লাহকে আটকের সংবাদ তাঁর আত্মীয় ও জামায়াত নেতাদের বরাত দিয়ে গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত হয়।