নোয়াখালীর চাটখিল ও বসুরহাট পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামীর দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ২০-দলীয় জোটের মধ্যে টানাপোড়েন চলছে। দুটি পৌরসভায় জামায়াতের সাতজন কাউন্সিলর প্রার্থীও নির্বাচনী মাঠে রয়েছেন। ভোটের রাজনীতিতে জামায়াত পৃথকভাবে মাঠে থাকায় বিএনপির প্রার্থী সমস্যায় পড়তে পারেন বলে দলের নেতা-কর্মীরা বলছেন।
চাটখিল পৌরসভায় মেয়র পদে উপজেলা জামায়াতের আমির মো. সাইফুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি গত পৌর নির্বাচনেও দলের প্রার্থী ছিলেন। মেয়রের পাশাপাশি পাঁচটি ওয়ার্ডে কাউন্সিলর পদেও প্রার্থী দিয়েছে জামায়াত।
এ ছাড়া কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র পদে নির্বাচন করছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসাইন। তাঁর বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। একই পৌরসভায় জামায়াত সমর্থক সাবেক দুই কাউন্সিলরকে (৬ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান ও ৯ নম্বর ওয়ার্ডে মহিউদ্দিন) এবারও প্রার্থী করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সেলিম বলেন, জামায়াতের প্রার্থী থাকলে বিএনপির মেয়র প্রার্থীর সমস্যা হতে পারে। বিষয়টি দলের কেন্দ্রীয় পর্যায়ে জানানো হয়েছে।
জোটের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে মোশারফ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে বারবার এ বিষয়ে সিদ্ধান্ত চেয়ে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা আমাদের কোনো গুরুত্বই দেননি। উল্টো বিএনপি নেতারা ঢাকায় গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সঙ্গে বৈঠক করে তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেন।’
অপর দিকে চাটখিলের মেয়র প্রার্থী মো. সাইফুল্লাহ জানান, স্থানীয় বিএনপির নেতাদের কেউ জোটগত নির্বাচন করার বিষয়ে যোগাযোগ না করায় তাঁরা কেন্দ্রীয় নির্দেশনার আলোকে স্বতন্ত্র প্রার্থী হয়ে এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী যে কেউ হতে পারেন।
এ বিষয়ে জেলা জামায়াতের আমির আলাউদ্দিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দুটি পৌরসভায় মেয়র পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া দুই পৌরসভার কয়েকটি কাউন্সিলর পদেও দলের লোকজন প্রার্থী হয়েছেন। এ বিষয়ে বিএনপি নেতারা এখন পর্যন্ত তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তাই এখন পর্যন্ত জামায়াতের প্রার্থীরা নির্বাচনী মাঠে রয়েছেন।
জোটের বাইরে গিয়ে জামায়াত নেতাদের স্বতন্ত্রভাবে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখনো সময় আছে। শুধু চাটখিল বসুরহাটই নয়, আরও যেসব জায়গায় এ রকম পরিস্থিতি রয়েছে, তা নিয়ে কেন্দ্রীয়ভাবে জামায়াত নেতাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যায়, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে।