
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াতের প্রতি সহানুভূতি থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্বাচন বয়কট করছেন। তিনি বলেন, খালেদা জিয়া জামায়াতের স্বার্থ রক্ষা করছেন।
আজ বুধবার আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পর বিরোধী দলের ডাকা কর্মসূচিতে যে সহিংসতা ঘটেছে, এর দায় খালেদা জিয়ার।
দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থিতা চূড়ান্ত করতে এ সভা ডাকা হয়। আজ দুপুর পর্যন্ত চলা বৈঠকে রংপুর বিভাগের প্রার্থী কারা হবেন, এ ব্যাপারে ‘মোটামুটি’ একটি সিদ্ধান্তে পৌঁছেছে দলটি। দুপুরের পর আবার বৈঠকে বসবে বোর্ড।
শেখ হাসিনা বলেন, হাইকোর্ট থেকে জামায়াতের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আছে। দলটির নিবন্ধন বাতিল হয়েছে। আর জামায়াতের প্রতি সহানুভূতির কারণেই বিরোধীদলীয় নেতা নির্বাচন করতে চাইছেন না। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী জামায়াতের স্বার্থ রক্ষা করতে গিয়ে জনগণের স্বার্থ বিসর্জন দিচ্ছেন।’
২৫ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বিরোধী দল টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয়। এ কর্মসূচি চলাকালে সারা দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানি ঘটেছে, রেললাইন উপড়ে ফেলা হয়েছে ও যানবাহনে অগ্নি সংযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব কর্মকাণ্ডের জন্য বিরোধীদলীয় নেতা হুকুমের আসামি হবেন।
নির্ধারিত সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিরোধী দলকে আজও নির্বাচনে আসার অনুরোধ জানান। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধীদলীয় নেতার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি তাকে সংবিধানের ৫৭ (৪) ধারা পড়ে দেখার অনুরোধ করি। উনি কি আবার ১/১১ আনতে চান? কার স্বার্থে?’
প্রধানমন্ত্রী বিরোধী দলকে ‘জ্বালাও-পোড়াও’ এর রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধী দল নির্বাচনে পরাজিত হবে জেনেই এসব কর্মসূচি পালন করছে।