জামায়াতের হঠাৎ সহিংস আচরণে উদ্বিগ্ন আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর হঠাৎ করে সহিংস হয়ে ওঠার ঘটনায় উদ্বিগ্ন সরকার ও আওয়ামী লীগের উচ্চপর্যায়। রাজধানী ঢাকাসহ কয়েকটি স্থানে একযোগে দলটির পরিকল্পিত হামলা-ভাঙচুরের বিষয়টি সরকারি দলের নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে।জামায়াতে ইসলামী সোমবার বিকেলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করে। এরপর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দফায় দফায় বৈঠক করেন। নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও টেলিফোনে কথা হয় দলের দুই শীর্ষ নেতার।সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী কয়েকজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে বৈঠক করেন। এ বৈঠকে জামায়াতসহ বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলার তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়। এ ছাড়া দলের সম্পাদকমণ্ডলী ও ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের নিয়ে জরুরি বৈঠক করারও সিদ্ধান্ত হয়। আগামী শুক্রবার এ বৈঠক হবে।সোমবার সন্ধ্যার পর জরুরিভাবে ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী কাকরাইল ও বিজয়নগর এলাকায় তাৎক্ষণিক মিছিল করেন।এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে দিয়ে প্রতিদিন সভা-সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগ প্রতিবাদ সমাবেশ করেছে। ঢাকা মহানগর আওয়ামী লীগও গতকাল দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করেছে। আজ বুধবার মুক্তাঙ্গনে মহানগর আওয়ামী লীগ সমাবেশ করবে। পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অন্যান্য সংগঠনও সমাবেশ করবে।সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য আন্দোলন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।বৈঠকে আওয়ামী লীগের কয়েকজন নেতা জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ও ভাঙচুরকে পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেন। তবে সরকারের কোনো গোয়েন্দা বিভাগ এটা টের না পাওয়াকে বড় ব্যর্থতা বলে তাঁরা মনে করেন। ভবিষ্যতে এ রকম গোয়েন্দা ব্যর্থতায় বড় রকমের খেসারত দিতে হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।এ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নেবে। একইভাবে দল হিসেবে আওয়ামী লীগও সভা-সমাবেশের মাধ্যমে বিরোধী দলের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবে।যুবলীগের প্রতিবাদ সমাবেশ: সোমবারের ঘটনায় জামায়াত-শিবিরের সঙ্গে বিএনপিকেও দায়ী করেছেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, হামলার ভিডিও ফুটেজ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য প্রমাণ করে, জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপিও পরিকল্পিতভাবে এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশ থেকে যুবলীগ ঢাকাসহ সারা দেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী বিক্ষোভ সমাবেশ ও ২৪ সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলায় এবং ২৬ সেপ্টেম্বর প্রতিটি উপজেলায় একই কর্মসূচি পালন।