জামায়াত-শিবিরের ডাকা আগামীকাল রোববার ও পরদিন সোমবারের টানা ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাখ্যান করতে তরুণসমাজকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে ১৪ দলের নেতারা। জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডবের প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে তাঁরা এই আহ্বান জানান। গতকালের সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশারফ হোসেন বক্তব্য দেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণ প্রজন্মের যে আন্দোলন শুরু হয়েছে, তাতে ১৪ দলসহ, সিপিবি, বাসদ, ছাত্রলীগ, যুবলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি তরুণদের পক্ষে রয়েছে। জামায়াতকে প্রতিহত করার জন্য এখন পাড়ায় পাড়ায় তরুণদের উদ্যোগ নিতে হবে।মহিউদ্দিন চৌধুরী বলেন, রিয়াজউদ্দিন বাজার মসজিদ মার্কেটে আশ্রয় দিয়ে জামায়াত-শিবিরকে তাণ্ডবে যাঁরা সহায়তা করছেন, তাঁরা সাবধান হয়ে যান। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সমাবেশে মন্ত্রী আফছারুল আমিন বলেন, ১৯৭১ সালে ইয়াহিয়া খানের বক্তব্যের প্রতিবাদে তরুণসমাজ যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছিল, ঠিক একইভাবে জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে তরুণসমাজ জেগে উঠেছে। একাত্তরে এই অপশক্তির সঙ্গে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী ছিল। এখন ওই শক্তি নেই। তাই তাঁদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলা করা কঠিন কোনো কাজ নয়। এই অপশক্তিকে এমনভাবে মোকাবিলা করতে হবে, যাতে বাংলাদেশে জামায়াত-শিবিরের নাম নেওয়ার কেউ না থাকে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সমাবেশে বলেন, জামায়াত-শিবির সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে, তা জনগণই মোকাবিলা করবে। এ জন্য দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশের আগের কদমমোবারক জামে মসজিদে নামাজ আদায় করেন মহিউদ্দিন চৌধুরী।সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, ওয়ার্কার্স পার্টির নগর কমিটির সভাপতি আবু হানিফ, ন্যাপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আলী আহামদ প্রমুখ বক্তব্য দেন।