জামায়াতের হরতাল রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

গত রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেন।

অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় গায়েবানা জানাজা, কাল শনিবার কাদের মোল্লার জন্য দোয়া অনুষ্ঠান ও সোমবার মহান বিজয় দিবসের আলোচনা সভা।

এর আগে বিকেলে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অভিযোগ করেন, বিচারের রায় কার্যকরের নামে সরকার আবদুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্র করছে। কাদের মোল্লাকে ‘হত্যা করা’ হলে প্রতি ফোঁটা রক্তের জবাব আওয়ামী লীগ ও এর সরকারকে দিতে হবে বলেও হুমকি দেন তিনি।

এদিকে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর হওয়ার পর ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য জামায়াতের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আবদুল কাদের মোল্লা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল সন্ধ্যায় কাদের মোল্লার সঙ্গে পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁদের মাধ্যমে এ আহ্বান জানান। রাত সোয়া আটটার দিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাদের মোল্লা বলেছেন, ‘আমার শাহাদাতের পর ইসলামি আন্দোলনের কর্মীরা যেন ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেন। তাঁরা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক বা প্রতিহিংসাপরায়ণ কর্মকাণ্ডে লিপ্ত না হন। ইসলামি আন্দোলনের কর্মীদের কাছে এটাই আমার আহ্বান।’