জামায়াতের হরতালে নাশকতা : ৫১ নেতা-কর্মী খালাস
সিলেট বিভাগে ২০১৩ সালের ২০ মার্চ জামায়াতের হরতাল পালনকালে বিশ্বনাথ উপজেলায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার মামলায় দলটির নেতা-কর্মী ৫১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (দ্রুত বিচার) মো. নজরুল ইসলাম এ রায় দেন।
খালাস পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজামউদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি আখতার ফারুক, জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথের রামপাশা ইউপি জামায়াতের সভাপতি আবদুল মজিদ, জয়কলস ইউপির সাবেক সভাপতি মতিউর রহমান, বর্তমান সভাপতি আবদুল কাদির এবং জামায়াত-শিবিরের আরও ৪৫ জন কর্মী।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত সব আসামির খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, সিলেটে জামায়াতের নগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়েরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ায় ২০ মার্চ সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াত। সকাল আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের পিকেটিং করার সময় বিশ্বনাথ উপজেলার কাড়িকোনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা করে ভাঙচুর করে।
এ ঘটনায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা হয়।