জামায়াতের হরতালে প্রায় স্বাভাবিক ছিল জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ঢিলেঢালাভাবে গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। দেশের কোথাও বড় কোনো সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি। গণপরিবহন চলাচল ও জনজীবন ছিল প্রায় স্বাভাবিক।
১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতাল কর্মসূচির ডাক দেয় জামায়াত।
হরতালে রাজধানী ঢাকা ছিল একেবারেই স্বাভাবিক। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। সড়কগুলোতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে ব্যক্তিগত গাড়ি ছিল কম। দুপুরের পরে অনেক রাস্তায় যানজট তীব্র হয়। হরতালের সমর্থনে মগবাজার, খিলগাঁও, জুরাইন, হাজারীবাগ ও ধানমন্ডিতে মিছিল হলেও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অ্যাম্বুলেন্স ভাঙচুর: জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রোগী রেখে একটি অ্যাম্বুলেন্স কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরার পথে হিচমি বাজার মোড়ে সকাল পৌনে ১০টায় জামায়াত-শিবিরের কর্মীরা এটিতে ভাঙচুর চালান। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক জেকের আলী সদর থানায় জিডি করেছেন।
পুলিশকে লক্ষ্য করে বোমা: সকালে রাজশাহী নগরের নওদাপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা। সকাল নয়টার দিকে তাঁরা ডিঙ্গাডোবা এলাকায় রাজপাড়া থানার পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করেন। রাজপাড়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, হাতবোমাটি গাড়ির সামনে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।
পাঁচ পিকেটারকে কারাদণ্ড: চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ওসি মোজামেঞ্চল হক জানান, চাঁদপুর-কুমিল্লা সড়কের মাওতা বাড়ি এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা পিকেটিংকালে পুলিশ ধাওয়া করে পাঁচজনকে আটক করে। তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ককটেল হামলা: সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় ফাটানো হয় একটি ককটেল।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঢাকা, রাজশাহী ও সিলেটের নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট ও চাঁদপুর প্রতিনিধি]