জামায়াতের হরতালে ভাঙচুর পুলিশের গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের আট জেলায় গতকাল মঙ্গলবার হরতালের সময় বগুড়া, সিরাজগঞ্জ ও রাজশাহী শহরে অন্তত ২১টি যানবাহন ভাঙচুর করেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বাধা দিলে রাজশাহী ও সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন হরতালকারীরা। রাজশাহী নগরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।হরতালের মধ্যেই গতকাল সকাল থেকে রাজশাহী ও বগুড়ায় বাস, ট্রেন, অটোরিকশা, রিকশা, ভটভটির চলাচল ছিল স্বাভাবিক।জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সাংসদ অধ্যাপক মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল পালন করে জামায়াত।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে নগরের বিনোদপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন শিবিরের কর্মীরা। বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেন শিবিরের কর্মীরা। সকাল নয়টার দিকে পিকেটাররা নগরের শালবাগান এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করেন। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল্লাহ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ওপরে হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিনোদপুরসহ নগরের বিভিন্ন স্থান থেকে পিকেটার সন্দেহে ৩৪ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে কাল (আজ বুধবার) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’সিরাজগঞ্জ: জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ভোরে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের রহমতগঞ্জ এলাকায় এবং সদর উপজেলার বহুলী বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে আমির হোসেন নামের এক কনস্টেবলসহ জামায়াত-শিবিরের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। সিরাজগঞ্জ-নলকা সড়কের চণ্ডীদাসগাতীতে একটি ট্রাক ও সিএনজিচালিত চারটি অটোরিকশা ভাঙচুর করেন হরতালকারীরা। সিরাজগঞ্জ-পাঙ্গাসী সড়কের বহুলীতে ভাঙচুর করা হয় পাঁচটি অটোরিকশা।বগুড়া: প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরতলির সিলিমপুর, তিনমাথা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক ও শহরের মফিজ পাগলার মোড়সংলগ্ন এলাকায় ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন দাবি করেন, রাজশাহী বিভাগে জামায়াতের ডাকা হরতাল বগুড়ায় স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। তবে পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, বগুড়ায় কার্যত কোনো হরতাল পালিত হয়নি। যানবাহন চলাচল থেকে শুরু করে সবকিছুই ছিল স্বাভাবিক। হরতাল-সমর্থকেরা বিচ্ছিন্নভাবে দু-একটি স্থানে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন।