উন্নয়ন প্রকল্পের ১২০ টন গম আত্মসাতের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলীসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এঁদের মধ্যে সাবেক মন্ত্রী ও জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. শফিকুল ইসলামের নামও রয়েছে। অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন উপজেলার নন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজউদদৌলা, প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য মো. আবদুল কাদের, হারুন অর রশিদ, মাসুদুল হক, আবদুল কুদ্দুস, মুকুল হোসেন, নাজমা খাতুন ও জাহাঙ্গীর আলম। তাঁরা সবাই জামায়াতের কর্মী। ২০০৭ সালের ৬ মে সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের মো. লুৎফর রহমান তাঁদের বিরুদ্ধে গম আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) খান মুহাম্মদ আবু নাসের ৭ আগস্ট অভিযোগপত্রটি দাখিল করেন। মামলার এজাহার ও অভিযোগপত্রের বিবরণ অনুসারে, ২০০২ সালে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পভুক্ত নন্দনপুর ইউনিয়নের ডি-২ এর এস-১০ নিষ্কাশন ক্যানেল সংস্কারের জন্য ১২০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আসামিরা প্রকল্পের কোনো কাজ না করে বরাদ্দ করা গম বাজারে বিক্রি করে ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।পরে বিষয়টি জানাজানি হলে বাদী স্বতঃপ্রণোদিত হয়ে ২০০৭ সালের মে মাসে পানি উন্নয়ন বোর্ডের বেড়া বিভাগের প্রকল্প পরিচালক সমীর কুমার ভট্টাচার্য ও পানি উন্নয়ন বোর্ড সাঁথিয়া কার্যালয়ের প্রকৌশলী আবদুস সহিদসহ সাতজনকে আসামি করে জেলা আমলি আদালতে মামলা করেন। ১৭ মে সাঁথিয়া থানায় মামলাটি নিয়মিত হিসেবে নথিভুক্ত করা হয়। পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দেয়।