জামায়াতের ১৫০ কর্মীর বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে গত শনিবার পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের অজ্ঞাত ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক শনিবার মামলা দুটি করেছেন।এদিকে হামলার সময় আটক হওয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শহর জামায়াতের আমির ফারুক হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল আহসানসহ জামায়াত-শিবিরের পাঁচজন নেতা-কর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার দুপুরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরে একটি মিছিল করেন। মিছিল থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ছাড়া বেআইনিভাবে বহু লোক জড়ো করা হয়। মিছিলে বাধা দেওয়া হলে তাঁরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের এএসআই তারেক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের পাঁচজন নেতা-কর্মীকে আটক করে। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার মামলা ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জেলহাজতে পাঠানোর বিয়টি নিশ্চিত করেছেন।