জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদসহ দলটির ২০ নেতা-কর্মীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এই ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলায় আধা বেলা হরতাল ডেকেছে জামায়াত।
পুলিশ জানায়, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা শফিকুলসহ ওই ২০ জনকে গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গোপন বৈঠকের সময় গ্রেপ্তার করে পুলিশ। সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন জামায়াতের মোহাম্মদপুর থানা শাখার আমির জিয়াউল হাসান, ৪৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহবুবুর রহমান, জামায়াত কর্মী আব্বাস মিয়া, কামরুল হাসান, ছগীর, লোকমান হোসেন, সৈয়দ আহম্মদ আলী, ইব্রাহিম, আল-আমিন, মাহে আলম, মনির হোসেন, ইউসুফ, ইব্রাহীম মনির, মাজহারুল ইসলাম, হাবিব, আবদুল হালিম, নূর আমীন, মনির হোসেন ও মুশফিক।
ওই ২০ জনের চার দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান।
বাউফলে হরতাল আহ্বান: শফিকুলসহ ২০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বাউফলে আধা বেলা হরতাল ডেকেছে উপজেলা জামায়াত। শফিকুলের গ্রামের বাড়ি বাউফলের মদনপুরায়।