জামায়াতের ২০ হাজার পোস্টারসহ তিনজন গ্রেপ্তার
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মুক্তির দাবিতে ফরিদপুরে জামায়াতে ইসলামীর ছাপানো ২০ হাজার পোস্টারসহ একটি ছাপাখানার তিনজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শহরের মসজিদবাড়ী সড়কের কনফিডেন্ট প্রিন্টার্স নামের ছাপাখানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, শহরের টেপাখোলা মহল্লার মোক্তার ব্যাপারি, হাবেলী গোপালপুর এলাকার মানজাহারুল ইসলাম ও আবদুল কাদের। অভিযানকালে পুলিশ ১৮ ইঞ্চি প্রস্থ ও ২৪ ইঞ্চি দৈর্ঘ্যের চাররঙা ২০ হাজার পোস্টার, তিনটি কম্পিউটার ও একটি ল্যাপটপ জব্দ করেছে।অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক বলেন, ওই ছাপাখানায় যুদ্ধাপরাধীদের ‘প্রহসনমূলক’ বিচার বন্ধ করার দাবি জানিয়ে পোস্টার ছাপানো হচ্ছিল। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা প্রেস কর্মচারীর আড়ালে জামায়াতের কর্মী।তবে গ্রেপ্তার করা ব্যক্তিদের ছাপাখানার কর্মচারী দাবি করে জেলা জামায়াতের আমির শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা জামায়াত কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিসংবলিত ২০ হাজার পোস্টার ওই ছাপাখানায় ছাপাতে দিয়েছিল। গ্রেপ্তার করা ব্যক্তিদের মুক্তির ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।