রাজধানীর মিরপুরে বৃদ্ধ মোসলেমউদ্দিন (৭০) নিহত হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের প্রায় ২০০ নেতা-কর্মীকে আসামি করে মিরপুর থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির জামাতা মিন্টু মোল্লা বাদী হয়ে এ মামলা করেন।মিরপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, মোট আসামির মধ্যে মামলায় জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীর নাম বলা হয়েছে। বাকিদের অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্তোরাঁর উল্টো দিকের গলি থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে দারুসসালাম সড়কে আসেন। তাঁরা রাস্তায় নেমে ধ্বংসযজ্ঞ চালানোর সময় ককটেল-বোমার বিস্ফোরণ ঘটান। এতে বৃদ্ধ মোসলেমউদ্দিন নিহত হন। নিহত মোসলেমের জামাতা ও মামলার বাদী মন্টু মোল্লা অভিযোগ করেন, মিরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ আসামিদের নাম উল্লেখ করে মামলা লিখতে বলে। এ সময় তিনি জানান, হামলাকারীদের চেনেন না। পুলিশ তাঁকে বাদীর নামের স্থলে শুধু সই দিতে বলেন। এরপর পুলিশ মামলার বিবরণ লিখে বাদীর নামের স্থানে তাঁর সই নেন।বাদী প্রথম আলোকে জানান, গত সোমবার মানিকগঞ্জের গ্রামের বাড়ি থেকে তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুর ঢাকার পাইকপাড়া এলাকার আহমেদনগরের বাসায় বেড়াতে এসেছিলেন। হরতালের কারণে গত বৃহস্পতিবার তিনি মানিকগঞ্জে যেতে পারেননি। সন্ধ্যার পর কিয়াংসি চায়নিজ রেস্তোরাঁর উল্টো দিকের রাস্তার পাশের দোকানে বসা ছিলেন। এ সময় দুর্বৃত্তদের ককটেলের আঘাতে তিনি নিহত হন।মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, থানার আরেক কর্মকর্তা মামলা রেকর্ড করেছেন। তবে হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মন্টু মোল্লা বলেন, ‘আমরা রাজনীতি করিও না, বুঝিও না। কিন্তু আমার শ্বশুরের মৃত্যুর দায় কে নেবে?’ তিনি আরও বলেন, ঘটনার পর তাঁর বৃদ্ধা শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মোসলেমের লাশ মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামের বাড়ি নেওয়া হয়।