জামায়াতের ২২৬ কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র এবং সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার জামায়াতে ইসলামীর ২২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। একই দিন সরকারবিরোধী পোস্টার সাঁটানোর অভিযোগে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী খান জানান, সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জেলা জামায়াতের আমির আবদুল খালেক, সেক্রেটারি জেনারেল নুরুল হুদাসহ ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জন নেতা-কর্মীর নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। গত শুক্রবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফকির আজিজুর রহমান এই মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সীমান্তের বৈকারী ও আগরদাড়ি ইউনিয়ন এবং সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২১ জন নেতা-কর্মীকে আটক করে। গত শুক্রবার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, সদর উপজেলার ঈদগাঁও এলাকার একটি মেস থেকে শুক্রবার রাতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি মোরশেদুর রহমান, সাধারণ সম্পাদক লায়েক ইবনে ফাজেল ও শিবিরকর্মী আহসান উল্লাহকে আটক করা হয়। এ সময় তাঁদের ধরতে গিয়ে হামলায় পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফারুক হাসান ও আনসারসদস্য মুনির আহমদ আহত হন।