জামায়াতের ২৫ প্রার্থী নিয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত

আগামী ২৪ ডিসেম্বর সোমবারের মধ্যে জামায়াতের প্রার্থীদের নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।
জামায়াতের বিষয়ে তিনদিনের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশনা ছিল। এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, আমরা মহামান্য হাইকোর্টের চিঠিটা আজকে পেয়েছি এবং আইন শাখায় বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে বলেছি। যাতে কমিশনে বিষয়টি উপস্থাপন করা হয়।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমাদের তিন কার্যদিবসের মধ্যে করতে বলা হয়েছে। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও দুইটি কার্যদিবস হাতে আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোববার ও সোমবার হাতে আছে ইসির)। এর মধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।’
১৮ ডিসেম্বর নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার একটি রিট হয়েছে হাইকোর্ট বেঞ্চে। কোর্ট তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।