জামায়াতের ২৮ নারী কর্মী কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর ২৮ জন নারী নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন। এর আগে রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক শরিফুল ইসলাম।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় এই আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আসামিদের দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া এই ২৮ জনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছোট ভাইয়ের স্ত্রীও রয়েছেন। তাঁর নাম শাকিয়া তাসনিম (৪৫)।
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়ির দোতলা থেকে এই ২৮ নারীকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নারীরা সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের কাছে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড-সম্পর্কিত বিপুলসংখ্যক প্রচারপত্র, চাঁদা সংগ্রহের রসিদসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়।
গ্রেপ্তারের পর আদালতের কাছে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুই দিনের রিমান্ড শেষে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক শরিফুল ইসলাম ওই ২৮ নারীকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, জঙ্গি তৎপরতার সঙ্গে আসামিদের জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।