বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ২৮ নারী সদস্যকে আরও এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের করা জামিনের আবেদন আদালত নাকচ করে দেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, গ্রেপ্তার ২৮ জনের মধ্যে শাকিয়া তাসনিম আলী আহসান মুজাহিদের ছোট ভাই আলী আকরামের স্ত্রী। শাকিয়া রুকন পদমর্যাদার নেতা।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক শরিফুল ইসলাম দুই দিনের রিমান্ড শেষে ওই ২৮ নারী সদস্যকে আদালতে হাজির করেন। তাঁদের আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা অনেক তথ্য দিয়েছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত বৃহস্পতিবার তাজমহল রোডের একটি বাসা থেকে ওই নারীদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার পুলিশ তাঁদের দুই দিন করে রিমান্ডে নেয়।