জামায়াতের ২৮ নারী সদস্য দুদিনের রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ২৮ সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আগের দিন গ্রেপ্তার জামায়াতের এসব নারী সদস্যকে গতকাল শুক্রবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মোহাম্মদপুর থানা–পুলিশ। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার করা ২৮ জন হলেন মহিলা জামায়াতের শাহনাজ বেগম (৫৬), নাইমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীনা আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসলিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মিমি (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) ও রহিমা খাতুন (৩০)।
পুলিশ বলছে, এঁদের মধ্যে ১৬ জন মহিলা জামায়াতের রুকন, তিনজন সদস্য, তিনজন কর্মী, দুজন সাথি ও চারজন সমর্থক রয়েছেন। তাঁদের কাছ থেকে জামায়াতের কর্মীদের উদ্দেশ্যে ছাপানো ৫০টি ও অন্য আরও ৭০টি প্রচারপত্র, সংগঠনের বিভিন্ন ধরনের ৫৪৭টি ফরম উদ্ধার করা হয়। গোলাম আযমের লেখা তিনটি ও মতিউর রহমান নিজামীর লেখা একটি বইসহ আরও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
দলীয় সূত্র থেকে জানা যায়, গ্রেপ্তার শাহনাজ বেগম জামায়াতের মহিলা বিভাগের মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক। তাঁর বাসায় এসব নারীরা সংগঠনের ঢাকা মহানগর উত্তরের একটি আঞ্চলিক বৈঠকে একত্র হয়েছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গতকাল সকালে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে বলেন, নাশকতার উদ্দেশ্যে এসব নারী জড়ো হয়েছিলেন এবং পরিকল্পিতভাবে অবৈধ পন্থায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে তাজমহল রোডের একটি বাসার দ্বিতীয় তলা থেকে এই ২৮ জনকে গ্রেপ্তার করা হয়।
বিপ্লব কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা সবাই জামায়াতে ইসলামীর রুকন পর্যায়ের। গ্রেপ্তার হওয়া নারীদের নাশকতার পরিকল্পনা ছিল। জঙ্গিবাদের সঙ্গেও তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। তিনি বলেন, গ্রেপ্তারের পর থেকে নারীরা তাঁদের প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করছেন। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে গ্রেপ্তার হওয়া অধিকাংশই রুকন পর্যায়ের। তাঁরা সবাই উচ্চশিক্ষিত। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এঁদের মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্যও থাকতে পারেন।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ২৮ নারীকে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একটি বাড়িতে বসে গ্রেপ্তার হওয়া নারীরা কোরআন ও হাদিসের আলোচনা করছিলেন। জামায়াত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।