জামায়াতের ৩৩ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জগৎজ্যোতি তালুকদার হত্যা মামলায় জামায়াত-শিবিরের ৩৩ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এজাহারভুক্ত দুজনের নাম ও ঠিকানায় গরমিল থাকায় তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিন উদ্দিন গত বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গতকাল সোমবার আদালতে অভিযোগপত্র নথিভুক্ত হয়।
অভিযোগপত্রে মহানগর জামায়াতে ইসলামীর আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের নগর শাখার সভাপতি আনোয়ারুল ওয়াদুদসহ নয়জনকে নতুন করে অভিযুক্ত করা হয়েছে। এজাহারভুক্ত ২৪ জনের মধ্য থেকে নাম ও ঠিকানা বিভ্রান্তিকর হওয়ায় গোলাপগঞ্জের ফখরুল ও সাইফুল আমিন নামের আরেকজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জগৎজ্যোতি তালুকদারকে (৩৬) গত বছরের ২ মার্চ রাত প্রায় সাড়ে ১০টায় নগরের আখালিয়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত অভিযোগ তুলে জগৎজ্যোতির রাজনৈতিক সহকর্মী ছাত্রলীগের কর্মী সাব্বির আহমদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে নগরের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা ইসলামী ছাত্রশিবিরের আলোচিত ক্যাডার গাজী নাসিরকে মামলার এক নম্বর আসামি করা হয়। এ ছাড়া মামলায় সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল হাই হারুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হোসেইন আহমদ, সেক্রেটারি এহসানুল করিম, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি সাঈদ মো. আবদুল্লাহসহ ২৩ জনকে আসামি করা হয়।
হত্যার কারণ: মোট ১০ পৃষ্ঠার অভিযোগপত্রে জগৎজ্যোতিকে হত্যার কারণ হিসেবে গণজাগরণ মঞ্চের সংগঠক হিসেবে কাজ করাকে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ১ মার্চ গণজাগরণ মঞ্চের একটি জাতীয় পতাকা মিছিল বের করা হয়। ওই মিছিলের সামনের সারিতে ছিলেন জগৎজ্যোতি। ওই দিন রাতে জামায়াত-শিবিরের পদস্থ নেতারা গোপন বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় জগৎজ্যোতিকে হত্যার।