বাগেরহাটে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় জেলা জামায়াতের নায়েবে আমির মওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল শেখ আবদুল ওয়াদুদসহ চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, পুলিশের কাজে বাধাদান, হামলা ও বিজয় দিবসের কর্মসূচিতে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত ও ছাত্রশিবিরের ৪২ জন নেতার নাম উল্লেখসহ ওই সংগঠনের অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) মো. সফিউদ্দিন গত রোববার গভীর রাতে মামলাটি দায়ের করেন।
রোববার রাতে পুলিশ বাগেরহাট শহরতলির কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রামে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মঞ্জুরুল হকের বাড়িতে অভিযান চালাতে গেলে জামায়াত-শিবিরের কয়েক শ সশস্ত্র কর্মী তাদের ঘিরে হামলা চালান। এতে বাগেরহাট মডেল থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে।
জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শেখ আবদুল ওয়াদুদ বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই মঞ্জুরুল হকের বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়ে তাঁর বাড়ির আসবাব ভাঙচুর করে। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটে। কিন্তু পুলিশের গুলিতে দলের দুই কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।