জামায়াতের ৮ নেতা-কর্মী কারাগারে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ জামায়াতের আট নেতা-কর্মীকে অবৈধ জমায়েত ও গাড়ি ভাঙচুরের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই মামলায় হাজিরা দিতে গেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুফ জামিন মঞ্জুর না করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণ, শিবিরকর্মী মহসিন উদ্দিন, মোস্তফা মিয়া, রাশেদ, কাউছার হোসেন, আরিফ হোসেন ও আবদুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পর জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে গত ২৩ নভেম্বর অবৈধ জমায়েত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২৯ জনের নাম উল্লেখসহ ৭৯ জনের বিরুদ্ধে এই মামলা করেন। আজ কারাগারে পাঠানো জামায়াতের আট নেতা-কর্মী ওই মামলার তালিকাভুক্ত আসামি।