জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সঙ্গে আপস, আঁতাত বা সমঝোতাকারীদের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন৷
মুনতাসীর মামুন বলেন, ‘জামায়াতের রাজনীতি জঙ্গি ও মৌলবাদের রাজনীতি৷ এ দেশ কোনো মুসলমান বা হিন্দুর দেশ না৷ এ দেশে জঙ্গি-মৌলবাদী গোষ্ঠীর রাজনীতি চলতে পারে না৷ জঙ্গি-মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে৷’
গতকাল রোববার বিকেলে নির্মূল কমিটির বগুড়া জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুনতাসীর মামুন এসব কথা বলেন৷ জেলা পরিষদ মিলনায়তনে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক সামির হোসেন৷ বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল ও মহিলাবিষয়ক সম্পাদক শিরিন বানু৷
এর আগে শহরের করতোয়া মিলনায়তনে জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য শিরিন বানু, শিক্ষা ও গবেষণায় মুনতাসীর মামুন, সাহিত্যে সরকার আশরাফ, চিকিৎসায় সামন্তলাল সেন এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে সম্মাননা দেওয়া হয়৷