জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে বাঁশখালীর বিচারিক হাকিম আদালতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় ১৪ জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি বিধান কুমার বিশ্বাস গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রেজাউল করিম, মো. ইমরান, মো. সাইফুল, মো. ইব্রাহীম, তৌহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মো. তৌফিক, জসীম উদ্দিন, শহিদুল্লাহ, হাবিবুল্লাহ, মো. হেলাল, মো. দিদার, মো. বাবুল ও মো. মোবিন। তাঁদের মধ্যে হাবিবুল্লাহ ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। তাঁরা সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাহী ও বিচার বিভাগের বেশির ভাগ কক্ষে আগুন ধরিয়ে দেন। উপজেলার সহকারী জজ আদালত, নির্বাহী হাকিমের আদালত, কৃষি অফিস, খাদ্য অফিস, প্রকৌশল অফিস, মৎস্য অফিস, শিক্ষা কর্মকর্তার কার্যালয়, নির্বাচন কমিশনারের কার্যালয়, যুব উন্নয়ন কার্যালয় ও গুদামে আগুন দেওয়া হয়। এসব কার্যালয়ের প্রায় সব নথিপত্র পুড়ে গেছে। পুড়িয়ে দেওয়া হয় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অন্তত ১০টি গাড়ি। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে একই বছরের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।