রাজধানীর মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই মামলায় অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের মাধ্যমে ভাঙচুর, অগ্নিসংযোগ করে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে করা এ মামলার বিচার শুরু হলো। আদালত এ মামলার পলাতক ৬৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১২ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গত বছরের ১২ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে মতিঝিল এলাকায় জঙ্গি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ সম্পদ ধ্বংসের অভিযোগে পুলিশ ১৩টি মামলা করে। এসব মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি মামলায় ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল হলো অপর একটির।
গতকাল এই মামলার আসামিদের মধ্যে ৯৯ জন আদালতে হাজির ছিলেন। তাঁরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আসামিদের করা অব্যাহতির আবেদন নাকচ করে আদালত তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ গঠন করেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ছাত্রশিবিরের তিন সাবেক সভাপতি ও জামায়াতের কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন ও ফখরুদ্দিন মানিক, কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ সানা, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিক মাইনু, সাবেক ৩৬ নম্বর ওয়ার্ড কমিশনার খন্দকার আ. রব, মতিঝিল থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল কাদের, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য আহম্মদ ইয়াসিন ও রফিকুল ইসলাম।