জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরা ও বরিশাল থেকে জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরার দুটি উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ১০ জামায়াত নেতা-কর্মীকে এবং বরিশাল সদর থেকে গতকাল দুপুরে শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরার শ্যামনগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে গ্রেপ্তার জামায়াতের ১০ নেতা-কর্মী হলেন: শ্যামনগর উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা ও ভরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম, সোনামুগারী গ্রামের জামায়াত কর্মী দাউদ গাজী, একই গ্রামের বাহার আলী গাজী, বিড়ালক্ষ্মী গ্রামের আব্দুর রশিদ মোল্যা, বাদঘাটা গ্রামের আব্দুর রউফ, পাইকামারী গ্রামের সিরাজুল ইসলাম ও সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের আবদুল মাজেদ গাজী, মাহমুদপুর গ্রামের শফিউল আযম মোড়ল, ঘরচালা গ্রামের আইয়ুব আলী সরদার ও শহরের পুরাতন সাতক্ষীরার নূর উদ্দিন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও সদর থানার ওসি গোলাম রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শ্যামনগর ও সদর থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা থাকায় তাঁরা দীর্ঘদিন পলাতক ছিলেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বরিশাল নগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মো. তাকদির হোসেন, মো. জসিমউদ্দিন, হাফিজুর রহমান, মো. আসাদুজ্জামান, মো. রাজগুল, মো. মাহবুব আজিম, মো. শাহরিয়ার, মো. রুবেল হোসাইন ও মো. তুহিন।
পুলিশ জানায়, ইসলামী সমমনা দলগুলোর গতকালের বিক্ষোভ কর্মসূচির সময় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই মেসবাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের রূপাতলী এলাকার একটি ভাড়া মেসবাড়ি থেকে তাঁদের আটক করে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ। পুলিশ ওই মেসে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন বরিশাল বিশ্ববিদ্যালয়, দুজন ব্রজমোহন কলেজ এবং অন্যজন বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।