জামায়াত-শিবিরের ৬৫ নেতা-কর্মীর বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে নাশকতার এক মামলায় জামায়াত-শিবিরের ৬৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিচার শুরু হলো।
প্রায় আড়াই বছর আগে রাজধানীর মতিঝিলে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় এই মামলা করেছিল মতিঝিল থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১০ জুন এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
অভিযোগ গঠনের আগে আদালত আসামিদের পক্ষে করা অব্যাহতির আবেদন নাকচ করেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, প্রচার সম্পাদক তাসনিম আলম, জামায়াতদলীয় খুলনার সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, ফখরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ। অভিযোগ গঠনের শুনানির আগে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। আদালতে হাজির থাকা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিলের সিটি সেন্টারের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে মিছিল বের করেন। তাঁরা একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপ, বিআরটিসির একটি বাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন নাশকতার অভিযোগে এই মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৩ নভেম্বর জামায়াত-শিবিরের ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিলের সিটি সেন্টারের সামনে জামায়াত-শিবিরের ২০০ নেতা-কর্মী গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এই নাশকতার ঘটনায় মতিঝিল থানার পুলিশ মোট চারটি মামলা করে। চারটি মামলায়ই জামায়াত-শিবিরের ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। গতকাল আরেকটি মামলার বিচার শুরু হলো।
গতকাল আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এস এম কামাল উদ্দিন, আবদুর রাজ্জাক।