তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া ক্রমাগত গণতন্ত্র ও যুদ্ধাপরাধীদের নিয়ে বিভিন্ন রকমের নাটক করছেন। উনার এই নাটক দেখার পর এটুকুই বলব, জামায়াত-হেফাজতের ওড়না পরে গণতন্ত্রের কথা শোভা পায় না।’
গতকাল শনিবার বেলা ১১টার দিকে মন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে ডিজিটাল শ্রেণিকক্ষ উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের ফেরেশতা সাজার নাটক করছেন। কিন্তু জামায়াত-হেফাজতকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ফেরেশতা হওয়া যায় না। খালেদা জিয়া জামায়াত-হেফাজত ও তেঁতুল হুজুরদের সঙ্গে নিয়ে গণতন্ত্র নির্মাণের যে নাটক করছেন তা থেকে সরে এলে দেশ ও গণতন্ত্রের মঙ্গল হবে।
তিনি আরও বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনোরকম আইনগত দমন-পীড়নমূলক পদক্ষেপ সরকার নেবে না। তবে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, জঙ্গিবাদী তৎপরতার ব্যাপারে সরকার কঠোর অবস্থান নেবে।
এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন প্রমুখ ছিলেন।