সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা মামলায় সাভার পৌরসভার সাবেক মেয়র মো. রেফাতউল্ল্লাহ ও তিন প্রকৌশলীর জামিনের আবেদন উপস্থাপিত হয়নি বলে তা খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই চারজনের পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এ আদেশ দেন। তবে পুলিশের করা এক মামলায় অপর প্রকৌশলী রাকিবুল হাসানের ছয় মাসের জামিন মঞ্জুর করেন আদালত।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ নিহত হন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সাভার মডেল থানায় ভবনটির মালিক সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার থানায় আরেকটি মামলা করে পুলিশ।
যে তিন প্রকৌশলীর জামিনের আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ হয়েছে, তাঁরা হলেন ইনতেমাম হোসেন, মো. আলম মিয়া ও মো. রফিকুল ইসলাম। তাঁরা ওই দুই মামলায় জামিনের আবেদন করেছিলেন। রেফাতউল্ল্লাহ রাজউকের করা মামলায় জামিনের আবেদন করেছিলেন। তাঁরা সবাই কারাগারে আটক রয়েছেন।
রেফাতউল্লাহর পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস ও রাকিবুল হাসানের পক্ষে আইনজীবী খান টিপু সুলতান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার।