জামিন আবেদন নামঞ্জুর সাকিবসহ ছাত্রলীগের চার কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চারজন কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ছাত্রলীগের চার কর্মী হলেন রাহাত হোসেন, সাকিব ভূঁইয়া, কতুবউদ্দিন ভূঁইয়া ও নিহার আহমেদ। তাঁদের মধ্যে সাকিবের বিরুদ্ধে এক বছর আগে দুই ছাত্র হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ চারজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের এক পক্ষের হামলায় একজন সাধারণ ছাত্রসহ পাঁচজন আহত হয়। অভিযোগ রয়েছে, শনিবার মেডিকেল এলাকায় গ্রেপ্তার সাকিব ভূঁইয়া ও তাঁর সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত। এ ছাড়া এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র খুনের সঙ্গেও তাঁরা জড়িত ছিল।পুলিশ সূত্র জানায়, হামলায় আহত ছাত্রলীগের কর্মী মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়া চারজনসহ ১৭ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় গত শুক্রবার মামলা করেন। পুলিশ শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে সাকিব ভূঁইয়াকে এবং অন্য তিনজনকে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে।