জামিন আবেদনের শুনানি হয়নি, অন্য বেঞ্চে দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তিন আসামির জামিনের আবেদন কার্য-তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তালিকা থেকে বাদ দেন। ফলে ওই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হলেও এ বিষয়ে শুনানি হয়নি।
আসামিপক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ৪৯৮ ধারার আবেদন শুনানির এখতিয়ার নেই। বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যথাযথ আদালতে বিষয়টি নিয়ে যান। ওই আদালতে তিনি (তদন্ত কর্মকর্তা) হাজির হবেন। সন্ধ্যায় জামিনের আবেদনকারীর আইনজীবী এস এম মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, বিকেলে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। এই বেঞ্চে রোববার শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় আসবে।
তিন আসামির জামিনের আবেদন শুনানিকালে ১৮ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে তদন্ত কর্মকর্তাকে ৫ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন। তিন আসামি হলেন বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসান ওরফে অরুণ।
ইতিমধ্যে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এ অবস্থায় গত মঙ্গলবার জামিনের আবেদনকারীর আইনজীবী বিষয়টি উত্থাপনের অনুমতি চেয়ে ওই বেঞ্চে আবেদন জানান বলে আইনজীবী সূত্র জানায়। গতকাল এই বেঞ্চের কার্যতালিকায় আবেদনপত্র হিসেবে ১০৭, ১০৮ ও ১০৯ নম্বর ক্রমিকে বিষয়গুলো ছিল।
এ দিকে আদালতের নির্দেশনা অনুসারে সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাফর উল্লাহ আদালতে হাজির হন। ১১টার দিকে ফাইল না আসায় আদালত বেলা দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন। সোয়া দুইটার দিকে বিষয়টি তুলে ধরে আবেদনকারীদের আইনজীবী মাসুদ হোসেন বলেন, তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ বলেন, এখানে দুটি বিষয় আছে। একটি হচ্ছে, তিন আসামির জামিনের শুনানি। অন্যটি হচ্ছে, মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার অগ্রগতির বিষয়ে অবহিত করার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ। কিন্তু এই আদালতের জামিনের আবেদন শুনানির সুযোগ নেই।
পরে গাজী মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় জামিন আবেদন শুনানির এখতিয়ার না থাকায় আদালত তিন আসামির জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। ফলে মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে তদন্ত কর্মকর্তা হাজির হলেও এ বিষয়ে শুনানি হয়নি। এখন এখতিয়ারসম্পন্ন বেঞ্চে শুনানির জন্য বিষয়টি ধার্য হলে হয়তো আসামিদের জামিন ও তদন্ত কর্মকর্তার কাছ থেকে মামলার অগ্রগতি বিষয়ে একসঙ্গে শুনানি হবে।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে গত ১০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। এই তিন আসামি গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন।