জামিন চাইলেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে এখন শুনানি চলছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর আদালত চত্বরে হাজির হন খালেদা জিয়া। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার।
এর আগে সকাল ১০টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত প্রস্তুত হয়। আদালত এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ১২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তিন মাস পর যুক্তরাজ্য থেকে গতকাল বুধবার দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন। গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি ঢাকায় পৌঁছান। যুক্তরাজ্যে থাকতেই ঢাকা ও কুমিল্লায় নাশকতা, দুর্নীতি ও মানহানির পাঁচটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। হঠাৎ করে দুই দিনে এসব মামলায় আদালতের পরোয়ানা জারির প্রেক্ষাপটে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা ছিল। কেউ কেউ গ্রেপ্তারের আশঙ্কা করেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে পরস্পরবিরোধী বক্তব্য চলছিল।
গতকাল বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেত্রীর বিরুদ্ধে সরকার রাজনৈতিক মনোভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তারি পরোয়ানাকে তিনি ভয় পান না। বিএনপির চেয়ারপারসন আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি আদালতে গিয়ে সব মামলায় জামিন নেবেন।’
গত ১৫ জুলাই খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। তিন মাসের বেশি সময় তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চোখ ও পায়ের চিকিৎসা নেন।
আরও পড়ুন :
আদালত প্রস্তুত, এসেছেন আইনজীবীরা