রাজধানীর গুলশানে দম্পতি খুনের ঘটনায় আসামিদের জামিন জালিয়াতির অভিযোগে করা মামলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন আগামী ১৪ জুলাইয়ের মধ্যে দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনারকে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, মেয়েকে তাঁর সাবেক প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরের ব্যবসায়ী সাদিকুর রহমান (৬০) ও রুমানা নার্গিস দম্পতিকে প্রাণ দিতে হয়। ওই দিনই গুলশান থানায় মামলা করা হয়। পরে পুলিশ আসামি মিথুন ও রুবেলকে গ্রেপ্তার করে। এ মামলায় ২৩ জানুয়ারি তাঁরা হাইকোর্ট থেকে জামিন পান। ২৭ জানুয়ারি তাঁরা কারাগার থেকে বের হন। মুক্তি পেয়ে আসামিরা বাদীপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ভয়ভীতির পরিপ্রেক্ষিতে নিহত দম্পতির মেয়ে ইতি ও বীথি আইনগত সহায়তার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের সঙ্গে যোগাযোগ করন। মনজিল মোরসেদ আসামিদের জামিন আবেদনে অসঙ্গতি ও জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আনলে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের জামিন বাতিল করেন। মিথুন ও রুবেল এখন লাপাত্তা।এরপর ১৫ মে নিহতের মেয়ে সুমাইয়া ইয়াসমিন বীথি জামিন জালিয়াতির অভিযোগে আবুল কাশেম, হালেমা বেগম, মহিউদ্দিন আজাদ ও তেজেন্দ্র কুমার চন্দের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। এ মামলাটি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন করে। গতকাল এর শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান ও বাদীপক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন।নজীবুর রহমান প্রথম আলোকে বলেন, সঠিক ও যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য জামিন জালিয়াতির মামলাটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত গোয়েন্দা বিভাগের ডিসিকে (দক্ষিণ) তদন্তের নির্দেশ দিয়েছেন।