জামিন দিয়ে দেড় মিনিটের মাথায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিন মঞ্জুরের দেড় মিনিটের মধ্যে মোহাম্মদ শমসের নামের এক আসামির জামিন আবার বাতিল করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল রোববার বিকেলে এই আদেশ দেন। জামিন মঞ্জুর ঘোষণার পর আসামির সহযোগীরা এজলাসকক্ষে সমস্বরে উল্লাস প্রকাশ ও করতালি দিয়ে আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটান। এ কারণে আদালত এই আদেশ দেন। পরে আসামিকে আবার কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, পূজা উদ্যাপন পরিষদের নগর কমিটির সদস্য বিপু ঘোষ বিলুর ওপর হামলা ও তাঁর সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে শমসেরসহ ১০ জন আসামির বিরুদ্ধে গত ৭ অক্টোবর মামলা হয়। শমসের ২ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। ওই সময় আরেক মহানগর হাকিম মো. জসিম উদ্দিন আসামি শমসেরের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্র আরও জানায়, গতকাল শমসেরের জামিনের জন্য তাঁর কৌঁসুলি আদালতে আবেদন করেন। বিকেলে শুনানির পর মহানগর হাকিম জামিন মঞ্জুরের আদেশ দেন। এর পরই শমসেরের ২২-২৩ জন সহযোগী এজলাসকক্ষে সমস্বরে উল্লাস প্রকাশ ও হাততালি দিয়ে আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেন। মিনিট দেড়েক পর্যন্ত আসামির সহযোগীদের উল্লাস চলছিল। একপর্যায়ে মহানগর হাকিম আসামি শমসেরের জামিন আবার নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আইনজীবীরা জানান, যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আদালতে কাজ করতে হয়। এতে কেউ দোষী সাব্যস্ত হন আবার কেউ খালাস পান। একইভাবে বিচারাধীন মামলার ক্ষেত্রে কারও জামিন মঞ্জুর হয়, আবার নামঞ্জুরও হয়। তাই বলে এজলাসকক্ষে উল্লাস বা ক্ষোভ প্রকাশ উচিত নয়। আদালত আসামির জামিন নামঞ্জুর করে যথাযথ কাজ করেছেন।