জামিন না পেয়ে হতাশ হয়ে বিচারকের সামনেই কাঠগড়ায় নিজের মাথা ঠুকে রক্তাক্ত হন অস্ত্র মামলার এক আসামি। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারকের সামনে এ কাণ্ড ঘটে। আহত আসামির নাম খোরশেদ আলম ওরফে মানিক। তিনি চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকবর ওরফে ঢাকাইয়া আকবরের সহযোগী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন নামঞ্জুর হওয়ার পর আসামি খোরশেদ চিৎকার করে বলে ওঠেন, ‘আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই।’ এরপর তিনি কাঠগড়ায় মাথা ঠুকতে থাকেন। একপর্যায়ে মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে কাঠগড়ার মেঝেতে। পরে বিচারকের নির্দেশে পুলিশ এসে খোরশেদকে এজলাস থেকে সরিয়ে নেয়। পঞ্চম যুগ্ম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘জামিন মঞ্জুরের আদেশ শোনার মিনিট দুয়েক পরই আসামি খোরশেদ আলম নিজেই মাথা ঠুকে রক্তাক্ত হন। এ সময় বিচারক আসামিকে দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। আমরা তাঁকে আদালতের হাজতখানায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। পরে কারাগারের হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।’ এপিপি শামসুল আলম আরও বলেন, ‘অস্ত্র আইনের মামলায় সহজে জামিন হয় না। সন্ত্রাসী খোরশেদ জামিন পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু আদালত তাঁর আবেদন বিবেচনায় নেননি।’ আদালত সূত্র জানায়, খোরশেদ আলম মানিক ও ঢাকাইয়া আকবরকে গত বছরের ২৪ নভেম্বর গভীর রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন-হাটহাজারী সংযোগ সড়কের কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।