জামিন না হওয়ায় আইনজীবীদের এজলাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও জালিয়াতির মামলায় এক আইনজীবীকে জামিন না দেওয়ায় গতকাল রোববার এজলাস ভাঙচুর করেছেন একদল আইনজীবী। ঢাকার মহানগর হাকিম এম এ সালামের আদালতে এ ঘটনা ঘটে।এ ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।আদালত সূত্র জানায়, গতকাল প্রতারণা মামলায় অভিযুক্ত আইনজীবী নুরুল হকের জামিনের আবেদন করা হয়। জামিনের শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়া। এ সময় ২০-২৫ জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। একটি মামলায় এত বেশিসংখ্যক আইনজীবীর উপস্থিতি দেখে বিচারক বলেন, ‘এটা পল্টনের ময়দান না’ এবং তিনি জামিনের আবেদন নাকচ করে দেন। এ নিয়ে হট্টগোল শুরু হয় এবং কেউ কেউ আদালতের নথি, চেয়ার-টেবিল ফেলে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, আদালত জামিন না দেওয়ায় উপস্থিত আইনজীবীরা নথিপত্র ছুড়ে মারেন এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন। একদল আইনজীবী আত্মসমর্পণ করা আইনজীবী নুরুল হককে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে যান।